বিক্রি হতে যাচ্ছে ম্যাকাফি
সাইবার সুরক্ষা খাতে সুপরিচিত একটি প্রতিষ্ঠান ম্যাকাফি কর্পোরেশন। তবে দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটি বিক্রি হওয়ার বিষয়ে নানা গুঁজব শোনা যাচ্ছিলো। এবার সেই গুঁজবই সম্ভবত সত্যি হতে যাচ্ছে। মার্কিন প্রাইভেট ইক্যুইটি প্রতিষ্ঠান অ্যাডভেন্ট ইন্টারন্যাশনালের কাছে বিক্রি হয়ে যেতে পারে সাইবার সুরক্ষা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, হাজার কোটি ডলারেরও বেশি দামে চুক্তির এই আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। এ বিষয়ে সোমবারই ঘোষণা আসতে পারে। তবে শেষ মুহুর্তে এসেও বাতিল হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যাচ্ছে না। এ বিষয়ে ম্যাকাফি কিংবা অ্যাডভেন্টের কোনো মন্তব্যও পাওয়া যায়নি।
বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে বাড়িতে বসেই কাজ স্বাভাবিক হয়ে উঠেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে আগের থেকে সাইবার আক্রমণের ঘটনা বেড়েছে কয়েকগুন। ফলে অ্যান্টিভাইরাস ও ডিজিটাল সুরক্ষা সফটওয়্যারে চাহিদাও বেড়েছে বেশ। এমনই মুহুর্তে ম্যাকাফির মালিকানা পরিবর্তনের খবরটি সামনে এসেছে।
যদিও বেশ আগে থেকেই ম্যাকাফি বিক্রির কথা শোনা যাচ্ছিলো। এর আগে গত মার্চে চারশ’ কোটি ডলারে সিম্ফোনি টেকনোলজিস গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়ামের কাছে নিজেদের এন্টারপ্রাইজ ব্যবসায় বিক্রি করে দিতে চেয়েছিলো ম্যাকাফি।
ডিবিটেক/বিএমটি